নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন নাসিমুল গনি, যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সামলে আসছিলেন।
রেওয়াজ অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নতুন সরকারের শপথ হবে।
সোমবার নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর মধ্য দিয়ে প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ এই পদে একদিনের মাথায় আবারও পরিবর্তন এলো।
চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর অবসর থেকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল নাসিমুল গনিকে। প্রথমে রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেলেও পরে ২০২২ সালের ২২ ডিসেম্বর তাকে স্বরাষ্ট্র সচিব করা হয়।
অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যাওয়া নাসিমুল গনি এক সময় ছিলেন বিএনপি নেতা জমির উদ্দিন সরকারের পিএস। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
ডিবিসি/ এইচএপি