নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বঙ্গভবনে রাষ্ট্রপতিকে কে শপথ পাঠ করাবেন তা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছিল।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করায় এ অবস্থায় সাংবিধানিকভাবে তাদের করণীয় কী হবে। পরবর্তীতে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে জানায়, নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত স্পিকারের শপথ পাঠ করাতে কোনো ধরনের সাংবিধানিক বাধা নেই।
আইন মন্ত্রণালয়ের মতামতে উল্লেখ করা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। বর্তমান প্রেক্ষাপটে ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর ক্ষেত্রেও তিনিই সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।