কোলম্বিয়ার কট্টরপন্থী নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এস্প্রিয়েল্লার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই পৃথক দুই স্থানে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। প্যান-আমেরিকান মহাসড়কের একটি টোল বুথে সাবেক 'ফার্ক' (FARC) বিদ্রোহীদের গাড়ি বোমা এবং উত্তরাঞ্চলীয় সেসার প্রদেশের পুলিশ স্টেশনে বিস্ফোরকবাহী ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই নতুন প্রেসিডেন্ট মাদক-সন্ত্রাস ও সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কোনো আপস না করে কঠোর সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) কোলম্বিয়ার ক্যালি শহরে শপথ গ্রহণ করেন কট্টর ডানপন্থী রাজনৈতিক নেতা দে লা এস্প্রিয়েলা। দায়িত্ব গ্রহণ করেই তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বন্ধ ঘোষণা করে 'মাদক-সন্ত্রাস' দমনে কঠোর অবস্থানের কথা স্পষ্ট জানান।
এরপর শনিবার ভোরে সান্তান্দের দে কিলিচাও পৌরসভার মধ্য দিয়ে যাওয়া প্যান-আমেরিকান মহাসড়কের একটি নির্মাণাধীন টোল বুথে গাড়ি বোমা হামলা চালানো হয়। কোলম্বিয়ার সেনাবাহিনী জানায়, ২০১৬ সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যানকারী ফার্কের বিচ্ছিন্নতাবাদী কমান্ডার ইভান মোরোদিসকোর অনুসারীরা এই বিস্ফোরণ ঘটায়। এতে টোল বুথটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুই নিরাপত্তাকর্মী আহত হন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাড়িঘরের কাচ ভেঙে পড়ে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, ক্যালি শহর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে সেসার প্রদেশের একটি পুলিশ স্টেশনে ড্রোন ব্যবহার করে বিস্ফোরক ফেলা হয়। এই হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা বলেন, ‘দেশের অবকাঠামোয় হামলা মানে অগ্রগতির ওপর হামলা। দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।’ তিনি এল সালভাদরের আদলে মেগা-কারাগার নির্মাণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় আকাশপথে জোরালো হামলার প্রতিশ্রুতি দিয়ে কোলম্বিয়ার নিরাপত্তা সংকট মোকাবিলার বার্তা দিয়েছেন।
সূত্র: আল জাজিরা