বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। রোববার (১৫ ফেব্রুয়ারি) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্যমতে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য এই শপথ অনুষ্ঠানে অংশ নিতে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মার সফর এরই মধ্যে নিশ্চিত হয়েছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা আসছেন না; তাঁর পরিবর্তে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে। এছাড়া পাকিস্তানসহ অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতির বিষয়টি এখনো চূড়ান্তভাবে জানা যায়নি।
তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। এই তালিকায় সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপালসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ রয়েছে।
ডিবিসি/পিআরএএন