দেশে চলমান ছোটখাটো কিছু ঘটনার কথা স্বীকার করে বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নতুন সরকারের শপথ দ্রুত সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি
চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সরকারপ্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না এমন শর্তের বিষয়ে বিএনপির অবস্থান কী হবে, সে প্রসঙ্গেও কথা বলেন এ্যানী। তিনি জানান, শপথ গ্রহণের আগেই দল এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করবে।
শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির বিষয়ে এ্যানী জানান, অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি চলছে। এ কাজে তিনি টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সমন্বয় করছেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান, রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিবিসি/পিআরএএন