খেলাধুলা, ফুটবল

নতুন হেয়ার স্টাইলেই বিশ্বকাপ মাতাবেন নেইমার!

Md Faysal Hasan

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ ফুটবল মানেই মাঠের পায়ের জাদুর পাশাপাশি খেলোয়াড়দের বাহারি ফ্যাশন ও স্টাইল নিয়ে ভক্তদের বাড়তি উন্মাদনা। আর সেই খেলোয়াড়টি যদি হন নেইমার, তবে ড্রিবলিংয়ের সঙ্গে তাঁর হেয়ারস্টাইল নিয়েও আলোচনা অবধারিত। এবারের ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তেও এর ব্যতিক্রম হয়নি; চোটের সঙ্গে লড়াইয়ের মাঝেই নিজের চুলের ছাঁটে চটকদার পরিবর্তন এনেছেন ব্রাজিলের এই 'পোস্টার বয়'।

শনিবার (৬ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাঁর এই নতুন রূপের দেখা মেলে। ২০১৮ সালে পিএসজিতে খেলার সময়কার সেই চেনা সোনালি (ব্লন্ড) রঙের চুলেই যেন পুরোনো দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করেছেন ব্রাজিলের ১০ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। নতুন এই রূপের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নেইমারের জন্য শুভকামনাও জানিয়েছেন তাঁর হেয়ার স্টাইলিস্ট। এক আবেগঘন পোস্টে তিনি চুলের যত্নের নানা দিক তুলে ধরে জানান, বিশ্বকাপের জন্য সবকিছু প্রস্তুত। পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে নেইমারের সুরক্ষা, শক্তি ও মাঠের ভেতরে-বাইরে তাঁর প্রতিভা আরও সমৃদ্ধ হওয়ার প্রার্থনাও করেছেন তিনি।

 

তবে চুলের এই জৌলুস মাঠের পারফরম্যান্সে ফিরবে কি না, তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, সান্তোসের এই তারকার এখনকার সবচেয়ে বড় লড়াইটা ফিটনেসের সঙ্গে। বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেলেও নেইমার এখনো পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে আছেন। নতুন চুলের ছাঁটের চেয়ে সমর্থকেরা তাই তাঁর মাঠে ফেরার দিকেই চাতক পাখির মতো চেয়ে আছেন। নেইমার নিজেও আভাস দিয়েছেন, এটিই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই জীবনের শেষ বিশ্বমঞ্চটা রাঙাতে চেষ্টার কোনো কমতি রাখছেন না তিনি।

 

ভক্তরা যখন তাঁর ফেরার অপেক্ষায়, তখন চোটের কারণে দলের বাইরেই থাকতে হচ্ছে তাঁকে। আজ রোববার ভোরে মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল দল ক্লিভল্যান্ডে অবস্থান করলেও নেইমার দলের সঙ্গে যাননি। নিউ জার্সিতে থেকে গিয়ে নিবিড় পুনর্বাসন ও ফিজিওথেরাপির মাধ্যমে একা একাই নিজের চোটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন এই তারকা।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন