হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় ৯ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি তিন বছর ধরে অলস পড়ে আছে। নির্মাণের দীর্ঘ সময় পার হলেও পৌর কর্তৃপক্ষ এটি বুঝে না পাওয়ায় বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সংযোগ ফি দিয়েও পানি না পাওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, পৌরসভার ড্রেন নির্মাণের সময় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রকল্পটি হস্তান্তর করা সম্ভব হয়নি। ২০১৫ সালে ‘৪০টি পৌরসভা পানি সরবরাহ প্রকল্প’-এর আওতায় তিনটি পাম্প হাউস এবং প্রায় সাড়ে ২৭ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়। বর্তমানে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রনের কারণে পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। আয়রনযুক্ত পানি পান করে অনেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হকের মতে, অপরিকল্পিতভাবে পাইপলাইন স্থাপন করায় প্রায় ১০ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নির্বাহী প্রকৌশলী তাহমিনা তানভীন আশ্বস্ত করেছেন যে, দ্রুতই সমস্যা সমাধান করে শোধনাগারটি পৌরসভার কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
ডিবিসি/ এইচএপি