নরসিংদীর শিবপুরে গাছ থেকে আম দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে স্থানীয় একটি ইজিবাইকের গ্যারেজে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত জজ মিয়া (৪২) পুটিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে শিশুটি প্রতিবেশীর গাছ থেকে আম কুড়াতে যায়। এ সময় অভিযুক্ত জজ মিয়া তাকে বেশি করে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় আল-আমিনের মালিকানাধীন একটি ইজিবাইক গ্যারেজের ভেতর নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। একপর্যায়ে শিশুটি পানি পানের অজুহাতে বাইরে বেরিয়ে আসে এবং দ্রুত দৌড়ে বাড়িতে পালিয়ে যায়।
বাড়িতে ফিরে শিশুটি তার মাকে বিস্তারিত জানালে পরিবার ও স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
শিবপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সংবাদ পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দ্রুত আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এসএফএল