জেলার সংবাদ

নরসিংদীতে আলোচিত কুকুর হত্যায় জড়িত নারীসহ আরও দুজন গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীতে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় সহযোগী এক নারীসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দেশজুড়ে আলোচিত এই ঘটনায় প্রধান আসামিসহ মোট তিনজনকে আইনের আওতায় আনা হলো। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নজরপুর থেকে ওই নারীকে এবং রাতে পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকা থেকে অপর এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী পৌর এলাকার কামারগাঁওয়ের আব্দুল আজিজের স্ত্রী শাহিনারা বেগম (৫২) এবং নাগরিয়াকান্দি এলাকার হারুন অর-রশিদের ছেলে রমজান আলী (২২)।

 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন জানান, গত বুধবার সকালে নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে একটি কুকুরকে গলায় দড়ি দিয়ে ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তারা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে দ্রুত গ্রেপ্তার করে। এরপর বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলীকে প্রধান আসামি করে এবং ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়।

 

মামলার তদন্তের ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ভিডিওতে দৃশ্যমান পলাতক আসামি শাহিনারা বেগমকে সদর উপজেলার নজরপুরে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাতে আরেক অভিযুক্ত রমজান আলীকে নাগরিয়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

বর্বর এই প্রাণী হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। শনিবার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার কঠোর নির্দেশ প্রদান করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ আলী, শাহিনারা বেগম ও রমজান আলীসহ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত বাকি আসামিদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন