নরসিংদীর শিবপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে প্রায় দুই কিলোমিটার এলাকায় পদযাত্রা কর্মসূচী পালন করেছে বিদ্যালয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা এই কর্মসূচীতে অংশ নেয়। এসময় স্থানীয় বখাটেদের বিচার দাবী করে স্লোগান দেয়াসহ বিচারের দাবী করা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, স্থানীয় বখাটে নিরব, শ্রবন, সাদেকসহ কতিপয় বখাটে যুবক প্রায়ই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্যাক্ত করে আসছিল। পরে এসব বিষয়ে শিক্ষকদের জানানোর পাশাপাশি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা হয়।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জানান, শিক্ষার্থীরা আমাদের সন্তান। আজকে শিক্ষার্থী এবং শিক্ষকরা প্রতিবাদ জানিয়ে একটি পদযাত্রা কর্মসূচী পালন করেছে। ইতোমধ্যেই উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। আশা করছি দ্রুতই অপরাধীরা আইনের আওতায় আসবে।
এ বিষয়ে জানতে চাইলে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াছমিন বলেন, ঘটনার খবর পেয়েই উপজেলা প্রশাসন থেকে ওই এলাকায় গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়েছে প্রশাসন।
ডিবিসি/এসডব্লিউএন