বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে ঈদের জামা কিনে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদের নতুন জামা কিনে আর বাড়ি ফেরা হলো না শিশু সাফওয়ান হোসেন ও তার মায়ের। বুধবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। নিহতরা হলেন- শিবপুর উপজেলার কারারচর এলাকার দিনমজুর সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং তার ১৮ মাস বয়সী পুত্র সাফওয়ান হোসেন।

নিহতদের স্বজনরা জানান, শিবপুর উপজেলার কারারচর এলাকার সুজন মিয়া পেশায় দিনমজুর। কখনো ইজিবাইক চালিয়ে, আবার কখনো রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করে তিনি জীবিকা নির্বাহ করেন। বুধবার বিকেলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে নরসিংদী শহরে যান সুজন। সন্তানদের জন্য নতুন জামা-কাপড় কিনে আনন্দ মনে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু রেল স্টেশনের প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় কক্সবাজার থেকে ঢাকাগামী দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তার স্ত্রী ও ছেলে।


সুজন মিয়া বলেন, আমার চোখের সামনে আমার অবুঝ শিশু সন্তান আর স্ত্রীকে হারালাম। আগামীকাল ঈদে আমি কাকে নিয়ে বাঁচব? ট্রেন আসছে দেখে ওদের আটকানোর জন্য চিৎকার করে চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ রক্ষা হলো না।


দুর্ঘটনার পর পরই স্ত্রী-সন্তানকে বাঁচাতে সুজন মিয়া দ্রুত নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।


নরসিংদী রেলওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মের এক নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ঠিক ওই সময়ই অন্য লাইন দিয়ে দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করছিল। অসাবধানতাবশত পরিবারটি রেললাইনের ওপর চলে আসায় ট্রেনটি তাদের ধাক্কা দিয়ে ছিটকে ফেলে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন