নরসিংদীতে একটি কুলখানি অনুষ্ঠানে প্রবেশের সময় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ভগিরথপুর মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানির আয়োজন করা হয়েছিল ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে। কুলখানিতে অংশ নিতে ভগিরথপুরসহ আশেপাশের এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বিদ্যালয়ের গেইটের সামনে জড়ো হন। জুমার নামাজের পর গেইট খুলে দেয়া হলে একসঙ্গে মাঠে প্রবেশের জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। এতে পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিমসহ (৫) আরও বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছেন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জানান, বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠান আয়োজনের জন্য কোনো পূর্বানুমতি নেয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনাটিও তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, এই ঘটনায় আহত চারজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ডিবিসি/আরএসএল