নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম চরমধুয়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে রফিকুলের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, নিহত রফিকুল ইসলামের স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউপির নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রীর সুবাদে রফিকুল ইসলামও এলাকার বিভিন্ন বিচার-সালিশে অংশ নিতেন। সম্প্রতি স্থানীয় একটি সালিশ-দরবার নিয়ে একটি পক্ষের সাথে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরিবারের দাবি, ওই বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় দুটি পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে শোনা গেছে। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের সূত্র ধরেই এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুরোপুরি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
ডিবিসি/এনএসএফ