বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে গাছ কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে স্বেচ্ছাসেবকদল নেতার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে এবং তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। অন্যদিকে অভিযুক্ত জীবন মিয়া একই ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহর ছেলে।

 

নিহতের স্বজনরা জানান, মিজান ও তার চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেননি। শনিবার দুপুরে ওই রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় শহীদুল্লাহর ছেলে জীবন মিয়া লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, চাচা ও ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহের সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন