বাংলাদেশ

নরসিংদীতে গ্যারেজ মালিকের পিতাকে কুপিয়ে ইজিবাইকের ব্যাটারী ডাকাতি!

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীতে একটি ইজিবাইক গ্যারেজে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে বাধা দিতে গিয়ে ডাকাতদলের ছুরিকাঘাতে গ্যারেজ মালিকের পিতা কফিল উদ্দিন ভুইয়া (৫৫) ও ছোট ভাই আসিফ ভুইয়া (২২) গুরুত্বর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২:৪০ মিনিটের দিকে সদর উপজেলার চিনিশপুরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

গ্যারেজ মালিক এনামুল হক আকাশ জানান, রাতে গ্যারেজে রাখা মোটরসাইকেলের জিপিএস প্রযুক্তির মাধ্যমে মোবাইলে সতর্কবার্তা (কল) আসলে তার সন্দেহ হয়। তাৎক্ষণিক তিনি তার পিতা ও ভাইকে নিয়ে গ্যারেজে গিয়ে দেখেন,  ডাকাতদল সেখানকার পাহারাদার বাবু ও চালক জুয়েলকে বেঁধে রেখে ব্যাটারি লুট করছে। 

 

এসময় বাধা দিতে গেলে ডাকাতরা তার বাবা ও ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ডাকাতদল ১৫টি ইজিবাইক থেকে মোট ৬০টি ব্যাটারি নিয়ে গেছে। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঘটনাস্থল থেকে জানা গেছে, তাড়াহুড়ো করে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদল তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন, ছুরি, জুতা ও রশিসহ বিভিন্ন আলামত ফেলে গেছে। খবর পেয়ে রাতেই থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

নরসিংদী সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন জানান, পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ শুরু করেছে। ফেলে যাওয়া আলামত ও প্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন