বেলাবতে ২২ বছর পর কমিটি গঠন

নরসিংদীতে ছাত্রদল সভাপতি বিবাহিত অভিযোগে সড়কে বিক্ষুব্ধদের আগুন

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর বেলাবতে দীর্ঘ ২২ বছর পর গঠিত উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতির বিরুদ্ধে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলাব বাজার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে ও স্লোগান দিয়ে এই প্রতিবাদ জানানো হয়। পরে খবর পেয়ে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

 

ছাত্রদল কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর সোমবার (৬ এপ্রিল) বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে ৬ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিতে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়।

 

কমিটি ঘোষণার পর থেকেই নতুন সভাপতি আশিক সুজন মামুনকে বিবাহিত ও রাজনীতিতে নিষ্ক্রিয় দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটি বাতিলের দাবি জানাতে থাকেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভ করেন তারা।

 

তবে এসব অভিযোগ অস্বীকার করে নবগঠিত কমিটির সভাপতি আশিক সুজন মামুন বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এবং আওয়ামী লীগ সরকারের আমলেও রাজপথের আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানান। মামুন দাবি করেন, দলের প্রতি তার দায়িত্ববোধ ও কার্যক্রম দেখে স্বাস্থ্যমন্ত্রী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তাকে এই পদে মনোনীত করেছে। পদবঞ্চিত নেতারাই কিছু ভাড়াটিয়া লোক দিয়ে সড়কে আগুন লাগিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

বিবাহিত হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাকে বিবাহিত সাজিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও অপপ্রচার। তিনি বিয়ে করেননি জানিয়ে এসব ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

 

এই বিষয়ে জানতে চাইলে বেলাব উপজেলার নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কাউছার কাজল জানান, 'আমার জানামতে টান চানলক্ষ্মীপুরের বাসিন্দা আশিক সুজন মামুন বিবাহিত। পার্শ্ববর্তী উপজেলা রায়পুরায় বিবাহে আবদ্ধ হন তিনি।'
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন