জেলার সংবাদ

নরসিংদীতে জানাজা শেষে বুবি বেগমের দাফন সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধা বুবি বেগমের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে মেথিকান্দা রেল স্টেশনে জানাযা শেষে সেখানেই সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বুবি বেগমকে দাফনের সময় রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান, মেথিকান্দা রেল স্টেশন মাস্টারসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

এর আগে গত ৫ জুলাই গভীর রাতে স্টেশন এলাকায় কতিপয় দুর্বৃত্ত ৮০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী বুবি বেগমকে নির্যাতন করে তার কাছে থাকা জমানো টাকা লুট করে নিয়ে যায়। এসময় তাকে প্রহার করলে গুরুতর আহত হন এই বৃদ্ধা।

 

পরে স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নরসিংদীর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধায় মেথিকান্দা রেল স্টেশনে নেয়া হয় বুবি বেগমের মরদেহ।

 

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণের পাশাপাশি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। নিরাপদ বসবাসের জন্য একটি কক্ষের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছিল।  তবে তিনি না ফেরার দেশে চলে গেছেন, যা অত্যন্ত দুঃখজনক। উপজেলা প্রশাসনের সহায়তা এবং তত্ত্বাবধানে বৃদ্ধার দাফন সম্পন্ন হয়েছে।  একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

উলেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধার ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নেয়।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন