নরসিংদীর মাধবদীতে ডাকাতির সময় বাধা দেওয়ায় শাহজাহান মিয়া (৫০) নামের এক বাড়ির মালিককে কুপিয়ে হত্যার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে মাধবদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুক এই তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, মাধবদীর বলভদ্রদী এলাকায় চাঞ্চল্যকর এই খুন ও ডাকাতির ঘটনার পর পুলিশ অপরাধীদের ধরতে তৎপর হয়। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের এই ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইতোমধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের অধিকাংশের বিরুদ্ধেই সারাদেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো মাধবদীর খরিয়া এলাকার হাসান আলীর ছেলে জুবায়ের হোসেন (২০), শাহজাহান মিয়ার ছেলে আশিক আহমদ (২৩), আব্দুল আউয়ালের ছেলে মোজাহিদ রহমান অপু (২২), ইসলাম উদ্দির ছেলে মো. সুজন মিয়া (২৫), হানিফ মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০) এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আলমগীর হোসেনের ছেলে রোমান মিয়া (২৮) ও হানিফ সরদারের ছেলে রিদয় মিয়া (২২)।
উল্লেখ্য, গত ১৮ জুলাই দিবাগত রাতে মাধবদীর বলভদ্রদী এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়িতে প্রবেশ করলে বাড়ির মালিক শাহজাহান মিয়া তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকাতদলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনি নির্মমভাবে নিহত হন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হন, যিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ডিবিসি/এমএনকে