নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক অসহায় ও বাক প্রতিবন্ধী বৃদ্ধা পরিচ্ছন্নতা কর্মীর ওপর নৃশংস নির্যাতন এবং লুটপাটের ঘটনার পর তার পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। অমানবিক এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর প্রশাসনের দ্রুত ও মানবিক হস্তক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।
সোমবার (৬ জুলাই) দুপুরে মেথিকান্দা রেলওয়ে স্টেশনে সশরীরে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। তিনি গুরুত্বের সঙ্গে বিষয়টির খোঁজখবর নেন এবং ওই বৃদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তাকে নগদ আর্থিক সহায়তার পাশাপাশি চাল, ডাল, তেল, লবণ ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
অসহায় ওই বৃদ্ধার নিরাপদ বসবাসের জন্য প্রশাসন ইতোমধ্যে একটি কক্ষের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য তাকে আশ্বস্ত করা হয়েছে।
এই বিষয়ে ইউএনও মাসুদ রানা জানান, বৃদ্ধার চিকিৎসারসহ সার্বিক দায়িত্ব এখন থেকে উপজেলা প্রশাসন বহন করবে। এছাড়া, তার ওপর যারা এমন নৃশংস নির্যাতন ও লুটপাট চালিয়েছে, সেই আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের ওই পরিচ্ছন্নতা কর্মীর ওপর নির্যাতন ও লুটপাটের ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে বিষয়টি উঠে আসার পর দ্রুত সেটি আমলে নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করে রায়পুরা উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন ত্বরিত উদ্যোগ সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
ডিবিসি/এমএনকে