নরসিংদীর রায়পুরায় ওয়ালিদ হাসান (১৮) নামে এক স্কুলছাত্রকে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে তার প্রেমিকা ও পরিবারের সদস্যদের আটক করেছে পুলিশ। শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর এলাকায় প্রেমিকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ প্রেমিকা প্রাণা আক্তার, তার মা ফরিদা বেগম ও ছোট বোন মিন্নি আক্তারসহ মোট চারজনকে আটক করেছে। নিহত ওয়ালিদ হাসান রায়পুরা পৌর এলাকার কান্দাপাড়ার আব্দুল হাইয়ের ছেলে এবং তিনি এ বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি বাহেরচর গ্রামে মা রাশেদা বেগমের সঙ্গে নানাবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহেরচর এলাকার জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তারের সঙ্গে ওয়ালিদের প্রেমের সম্পর্ক ছিল, যা প্রাণার পরিবার মেনে নিতে পারেনি। এর জেরে সম্প্রতি এক প্রবাসীর সঙ্গে প্রাণার বিয়ে দেওয়া হলেও ওয়ালিদের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল। গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত থেকে ওয়ালিদ হঠাৎ নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয় প্রেমিকার পরিবারের ওপর।
শনিবার রাতে প্রাণাদের বাড়ির পেছন থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে নিখোঁজ ওয়ালিদের ছোট ভাই রোমানসহ কয়েকজন সেখানে ছুটে যান। রোমান জানান, সেখানে গিয়ে তারা দেখতে পান প্রাণা, তার মা ও বোনেরা মিলে কাপড়ে পেঁচানো কিছু একটা বের করছেন। সন্দেহ হওয়ায় তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেওয়া হয়। পরে আশপাশের লোকজনের সহায়তায় জোরপূর্বক ভেতরে প্রবেশ করে ঘরের পেছনে কাপড়ে মোড়ানো অবস্থায় ওয়ালিদের লাশ শনাক্ত করেন তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং প্রেমিকা ও তার পরিবারের ওই চার সদস্যকে আটক করে। তবে ঘটনার পর থেকেই প্রাণার বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার (২১ জুন) দুপুরে উত্তেজিত জনতা প্রাণাদের বাড়িতে ভাঙচুর চালায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, প্রেমিকার বাড়ির একটি ঘরের পেছন থেকে নিহত তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার বিস্তারিত কারণ জানা যাবে। লাশ দাফনের প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা মামলা দায়ের করবেন বলে পুলিশকে জানিয়েছেন।
ডিবিসি/টিবিএ