নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণের কারণে পরিত্যক্ত একটি মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুল ছুটি শেষে তানঝুমা বাড়িতে ফেরে। এ সময় তাদের বাড়ির পাশেই থাকা একটি পুরোনো ও পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল টানা ভারী বর্ষণের কারণে হঠাৎ তার ওপর ধসে পড়ে। মাটির দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে কান্নার রোল পড়ে যায়।
এ ব্যাপারে মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আছমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘টানা বৃষ্টির জেরে মাটির ঘরের দেয়াল ধসে শিশুটির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।’
তিনি আরও জানান, নিহত শিশুর বাবা আপেল মিয়া বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। মেয়েকে হারানোর খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বাড়িতে ফিরলেই তানঝুমার দাফন কাজ সম্পন্ন করা হবে।
ডিবিসি/এমএনকে