বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে মেয়ের বাড়ি যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীতে মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের শহরের তরোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পেয়ারা বেগম রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূঁইয়ার স্ত্রী।


রেলওয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকাল ১১টার দিকে পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। দুপুর ১২টার দিকে তিনি নরসিংদী শহরের তরোয়া এলাকায় নেমে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় অসতর্কতাবশত তিনি ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।


নিহতের ছেলে মোশাররফ ভূঁইয়া বলেন, আম্মা সকালে কামারটেকে বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। তিনি তরোয়া এলাকায় নেমে রেললাইন পার হয়ে ভেলানগর থেকে বাসে করে মেয়ের বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু পথিমধ্যেই ট্রেনের ধাক্কায় আম্মা আমাদের ছেড়ে চলে গেলেন।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন