জেলার সংবাদ

নরসিংদীতে রাস্তায় মিলল এসএসসি পরীক্ষার ২৬৮টি খাতা!

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া এসএসসি ভোকেশনাল পরীক্ষার ২৬৮টি উত্তরপত্র অক্ষত অবস্থায় থানায় জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে স্থানীয় এক যুবক খাতাগুলো শিবপুর মডেল থানায় নিয়ে গেলে পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রবিবার বিকেলে উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ব্রিজের নিকট রাস্তার ধারে তিনটি বড় প্যাকেট পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের যুবক রাহিম মিয়া। তিনি কৌতূহলবশত প্যাকেটগুলো কুড়িয়ে বাড়িতে নিয়ে যান এবং পরদিন এক শিক্ষিত প্রতিবেশীর সহায়তায় নিশ্চিত হন যে, এগুলো চলতি বছরের এসএসসি পরীক্ষার খাতা। বিষয়টি জানার পর মঙ্গলবার সকালেই তিনি কোনো বিলম্ব না করে খাতাগুলো নিয়ে থানায় হাজির হন।

 

খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন ও শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত থানায় উপস্থিত হয়ে খাতাগুলো পরীক্ষা করেন। তারা জানান, সিলগালা করা তিনটি প্যাকেটে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের ২৬৮টি খাতা ছিল। 

 

অনুসন্ধানে উঠে এসেছে, উদ্ধারকৃত খাতাগুলো মূলত নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পরীক্ষার্থীদের। ডাক বিভাগের রানারের মাধ্যমে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে স্থানান্তরের সময় ডাকঘরের ভ্যানগাড়ি থেকে অসাবধানতাবশত খাতাগুলো রাস্তায় পড়ে গিয়েছিল। উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, খাতাগুলো সম্পূর্ণ অক্ষত ও সিলগালা অবস্থায় পাওয়ায় বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে। পরবর্তীতে খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং ডাক বিভাগের রানারের দায়িত্ব অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন