বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে শিক্ষকের পায়ের রগ কেটে দিলো প্রতিপক্ষ

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবু ছাঈদ মোগল (৭০) নামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে দুই পায়ের রগ কেটে ফেলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।


আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি ষাশপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার একটি হাসপাতালের আইসিওতে ভর্তি আছেন।


আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগলের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে আমি ওই জমিতে গেলে স্বপন মোগল এসে বাধা দিয়ে আমাকে মারধর করতে থাকে। আমার ডাক চিচিৎকারে বাবা ঘটনাস্থলে গেলে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল দা দিয়ে কুপিয়ে আমার বাবার দুই পায়ের রগ কেটে ফেলে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আমার বাবাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাই।


এদিকে শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রতিপক্ষ স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলের বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় তার স্বজনরা থানায় অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার রাতে প্রতিপক্ষ স্বপন মোগলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন