নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় নির্ধারিত সময়ে অর্ধেকের বেশি চিকিৎসককে কর্মস্থলে না পেয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকেই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল কম্পাউন্ডে অপেক্ষা করছিলেন। এরপর সকাল ৯টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২১ জন চিকিৎসক দায়িত্বরত আছেন।
ছুটি ও অন্যান্য কারণ বাদে ১৬ জন চিকিৎসকের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৮ জনকে উপস্থিত পাওয়া গেছে। অর্ধেকের বেশি চিকিৎসকের এই অনুপস্থিতিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদেরই মূল ভূমিকা পালন করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুল ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিসি/আরএসএল