নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর বাজারের একটি দোকান ও গুদামে অভিযান পরিচালনা করে ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাতে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের এ অভিযানের সংবাদ পেয়ে মজুতকারীরা পালিয়ে যায়।
মনোহরদী উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর নতুন বাজারে মৃত মো. রমজান আলীর ছেলে মো. আবুল হোসেনের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৮ ড্রাম ভর্তি সয়াবিন তেল জব্দ করেন। পরিমাণে যা ৯ হাজার লিটার হবে বলে জানা যায়।
জব্দ করা তেল মজুদের সঙ্গে পার্শ্ববর্তী একদুয়ারিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামেন শাহজাহান মেম্বারের ছেলে রাসেল মিয়া, মো. মাহতাব উদ্দিনের ছেলে কাদির হোসেন, দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের সাহাবুদ্দিন সাহা মেম্বারের ছেলে সুমন মিয়া, মিজানুর রহমান আয়েছ আলীর ছেলে কামরুল ইসলাম, সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (সুন্দর রাজু ) জড়িত বলে জানা যায়।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার উদ্দ্যেশে অথবা চুরি বা ডাকাতির মাধ্যমে এসব তেল মজুত করা হতে পারে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
ডিবিসি/এইচএপি