বাংলাদেশ, জেলার সংবাদ

নরসিংদীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৭৭ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই এপ্রিল ২০২৬ ০৯:০৭:২৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আর্থিক জরিমানা আদায় করা হয়।

জনস্বার্থ সংরক্ষণ, নিরাপদ জ্বালানি ব্যবহার নিশ্চিতকরণ এবং সরকারি সম্পদের অপচয় রোধে মাধবদী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাটির নিচে সুকৌশলে স্থাপন করা বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত করে তা স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে সংযোগ কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও সরঞ্জাম জব্দ করে কর্তৃপক্ষ।

 

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব। এ সময় ‘বাংলাদেশ গ্যাস আইন, ২০১০’ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ০৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট ৭৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব সংবাদমাধ্যমকে জানান, অবৈধ গ্যাস সংযোগ জননিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ এবং এটি রাষ্ট্রীয় সম্পদের বড় অপচয়। জেলায় সুশাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ সংযোগ বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন