বাংলাদেশ, জেলার সংবাদ, স্বাস্থ্য

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত চিকিৎসা সেবা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে মার্চ ২০২১ ০৩:৩৩:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরসিংদীর মনোহরদীতে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবলের অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

এতে ভোগান্তিতে পড়েছেন অসচ্ছল ও দরিদ্র রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসক না পেয়ে বাধ্য হয়েই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। আর এর সুবিধা নিচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে উঠা বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও দালালরা।

প্রতিদিন সকাল হলেই মনহরদীর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা। একবার লাইনে দাড়িয়ে টিকেট কেটে আবারো দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থাকতে হয় চিকিৎসকের কাছে পৌঁছাতে। অনেক সময় অপেক্ষায় থাকা মানুষগুলো আরো অসুস্থ হয়ে পড়েন।

চাহিদা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা, নার্স ও ওয়ার্ডবয়সহ বিভিন্ন সেক্টরে জনবল কম থাকায় ভোগান্তিতে পড়ছে রোগীরা। ৩১জন চিকিৎসকের মধ্যে শূন্য ১৮টি পদ। আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন হাসপাতালের আশপাশে গড়ে উঠা বেসরকারি হাসপাতালগুলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন হলে চিকিৎসার মান বাড়বে। নরসিংদী মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম আহমেদ বলেন,'আমাদের অবকাঠামোগত সমস্যা প্রকট। এই সমস্যার সমাধান হলে, হাসপাতালের জনগণ স্বাস্থ্য সেবা পাবে।'

সিভিল সার্জন বলছেন, চিকিৎসকসহ সব বিভাগের শুণ্য পদের বিপরীতে নিয়োগের প্রক্রিয়া চলছে। নরসিংদী সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল ইসলাম বলেন,'সকল পদেরই স্বল্পতা রয়েছে। আমরা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছি। সব পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। আশাকরি নিয়োগ হবে ধীরে ধীরে।'

হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসক সংকটসহ সব সমস্যার দ্রুত নিরসন চান স্থানীয়রা।

আরও পড়ুন