নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ দালাল চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে আটককৃতদের মধ্যে তিনজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে আটককৃত মাসুম মিয়া (৩৯), পারুল বেগম (৪২) ও তাহেরা বেগমকে (৩৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে মাসুম মিয়া পলাশ উপজেলার ধনেরচর গ্রামের বাসিন্দা, পারুল বেগম রায়পুরার বাহেরচর এলাকার এবং তাহেরা বেগম সদর উপজেলার বাসিন্দা। আটককৃত অন্য একজনের বয়স বিবেচনা করে এবং ভবিষ্যতে এ ধরনের কাজে লিপ্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা হাসপাতালে অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে তিনজনকে সাজা দিয়ে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে সোমবার নরসিংদী সদর হাসপাতাল থেকেও র্যাবের অভিযানে ১৩ জন দালালকে আটক করে সাজা প্রদান করা হয়েছিল। হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ডিবিসি/টিবিএ