আন্তর্জাতিক

নাইজেরিয়ায় পাইপলাইন থেকে তেল চুরির চেষ্টাকালে বিষাক্ত ধোঁয়ায় ৪৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার রিভার্স প্রদেশের একটি জেটিতে পাইপলাইন থেকে তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যরাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা আনাদোলু ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন মধ্যরাতে ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই জেটিতে যান।

 

সেখানে তখন রপ্তানির জন্য একটি জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য তোলা হচ্ছিল। তরুণেরা ওই স্থাপনার সঙ্গে যুক্ত একটি পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং পয়েন্ট সংযুক্ত করে তেল সরানোর চেষ্টা করেন। পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে তেল যাওয়ার সময় সেখানে প্রচুর বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এই ধোঁয়ার সংস্পর্শে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। তাদের মধ্যে কয়েকজন নদীতে পড়ে ডুবে যান।

 

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টারের (ইয়েক-নাইজেরিয়া) নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে এবং আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে, পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে জানিয়েছেন, ঘটনার ভয়াবহতা ও প্রকৃত চিত্র বের করতে পুলিশের পক্ষ থেকে জোর তদন্ত চলছে।

 

এই মর্মান্তিক দুর্ঘটনা তেলসমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে অবৈধভাবে তেল সংগ্রহ ও চুরির ভয়াবহ ঝুঁকির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। ওই অঞ্চলে অপরিশোধিত তেল চুরি ও অবৈধ শোধনাগারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত এপ্রিলে সেনাবাহিনী এবং আগস্টে নৌবাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করে এবং বিপুল পরিমাণ চোরাই তেল উদ্ধার করে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন