নাইজেরিয়ার কওয়ারা রাজ্যে সশস্ত্র বন্দুকধারীদের বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। রেড ক্রসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রাথমিকভাবে ৬৭ জনের মৃত্যুর কথা বলা হলেও উদ্ধারকাজ এগোনের সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কওয়ারা রাজ্য রেড ক্রসের সেক্রেটারি বাবাোমো আয়োদেজির মতে, মৃতদেহ উদ্ধারের কাজ এখনও চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কাইয়ামা অঞ্চলের ওরো গ্রামে এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়। স্থানীয় আইনপ্রণেতা সাইদু বাবা আহমেদ জানান, বন্দুকধারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি স্থানীয় রাজার প্রাসাদ এবং দোকানপাটে আগুন ধরিয়ে দেয়। ঘটনার ভয়াবহতায় অনেকে গুলিবিদ্ধ অবস্থাতেই প্রাণ বাঁচাতে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যান। হামলার পরপরই ঘটনাস্থলে ৩৫ থেকে ৪০টি মৃতদেহ দেখা গিয়েছিল বলে জানান তিনি।
রাজ্যের গভর্নর আবদুলরাহমান আবদুলরাজাক এই ঘটনাকে সন্ত্রাসীদের একটি কাপুরুষোচিত প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, রাজ্যে সন্ত্রাসীদের নির্মূল করতে যে ধারাবাহিক সামরিক অভিযান চলছে, তার জবাবেই এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গত মাসেই দেশটির সেনাবাহিনী জানিয়েছিল যে তারা একটি সমন্বিত অভিযানে ১৫০ জন দস্যুকে হত্যা করতে সক্ষম হয়েছে এবং তাদের আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে। পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।
সূত্র: গার্ডিয়ান
ডিবিসি/এফএইচআর