আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাইজেরিয়ার নাইজার রাজ্যের প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বোরগু এলাকায় মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা হামলা চালায়।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা সংকট বর্তমানে জটিল আকার ধারণ করেছে। এলাকাটিতে আইএসআইএল এর সাথে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপদ্রব রয়েছে। সেইসঙ্গে মুক্তিপণের জন্য মানুষ অপহরণে যুক্ত কিছু বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠীও সেখানে আছে।

 

হামলার বিষয়টি নিশ্চিত করে নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, ডাকাতরা টুঙ্গা মাকেরি গ্রামে হামলা চালালে সেখানে ৬ জন প্রাণ হারান এবং বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। তবে কতজনকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এরপর হামলাকারীরা কনকোসো গ্রামে হানা দেয়। ভোরে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে গ্রামে আক্রমণ শুরু হয়। গ্রামটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছে এবং গ্রামের থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

 

কনকোসোতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জন। তথ্য অনুযায়ী নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে এবং গ্রামের বেশিরভাগ বাড়িই আগুনে ভস্মীভূত করা হয়েছে। কনকোসোর আরেক বাসিন্দা বলেন, বন্দুকধারীরা তার ভাগ্নেকে হত্যা করেছে এবং চার নারীকে অপহরণ করে নিয়ে গেছে।

 

কনকোসোর পর সন্ত্রাসীরা পিসা গ্রামেও হামলা চালায়। সেখানেও পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয় এবং একজনকে হত্যা করা হয়। বর্তমানে ওই এলাকার অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন