নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মালভূমি রাজ্যের একটি সিসা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজ্যের ওয়েস লোকাল গভর্নমেন্ট এরিয়ার জুরাক কমিউনিটিতে ‘সলিড মাইনিং কোম্পানি’ পরিচালিত একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, মূলত ভূগর্ভস্থ টানেলে কাজ করার সময় খনি শ্রমিকরা এই আকস্মিক বিস্ফোরণের শিকার হন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতর কার্বন মনোক্সাইডসহ বিষাক্ত গ্যাস জমা হওয়ার ফলে এ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় উপজাতি কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছে।
ভারপ্রাপ্ত জেলা প্রধান আলিউ আদমু ইদ্রিস সংবাদমাধ্যমকে জানান, নিহতদের বেশিরভাগই ২০ থেকে ৩৫ বছর বয়সী যুবক। তিনি এ দিনটিকে স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করে বলেন, ৩৮ জন যুবককে হারিয়ে বহু পরিবার এখন শোকস্তব্ধ।
এদিকে, বিস্ফোরণের পর খনি এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। মালভূমি রাজ্যের পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি এলাকাটির নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, হাসপাতাল ও চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে অন্তত ২৭ জন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগই বিষাক্ত ধোঁয়ায় তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
তথ্যসূত্র: সিনহুয়া
ডিবিসি/এএমটি