বাংলাদেশ, ক্রিকেট

নাঈম হাসানকে পুলিশি হেনস্তা: প্রতিবাদে ফুঁসছেন মুশফিক-লিটন-তাসকিনরা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাঈম হাসানকে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে মারধর ও পুলিশি হেনস্তার অভিযোগে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে দেশের ক্রিকেট অঙ্গনে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদসহ নাঈমের জাতীয় দলের সতীর্থরা।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলে গত শুক্রবার রাতে চট্টগ্রাম যান নাঈম হাসান। সেখান থেকে নগরীর খুলশীর বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে হেনস্তা ও মারধর করে। পরবর্তীতে তাকে খুলশী থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তিনি চরম হয়রানির শিকার হন বলে অভিযোগ উঠেছে।


এই ঘটনায় ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াব।


ক্রিকেটার নাঈমের ওপর এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় দলের সিনিয়র ও জুনিয়র ক্রিকেটাররা।


মুশফিকুর রহিম লিখেছেন,"নাঈমের সঙ্গে যা ঘটেছে, তা একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। যা ঘটেছে, তা আমাকে ব্যথিত ও লজ্জিত করেছে। একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। নাঈম, আমরা তোমার পাশে আছি।"


তাসকিন আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।"


লিটন দাস লিখেছেন, "মাথা উঁচু রাখো নাঈম। তুমি একজন চমৎকার মানুষ। নাঈম হাসানের সাথে যা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখাটা হৃদয়বিদারক। একজন সহকর্মী এবং সতীর্থ হিসেবে এই ঘটনায় আমি সত্যিই মর্মাহত। এই দেশের কোনো নাগরিকেরই এমন আচরণ প্রাপ্য নয়, বিশেষ করে একজন জাতীয় ক্রিকেটার যিনি গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ঘটনায় সুষ্ঠু ও যথাযথ তদন্তের আশা করছি।"


এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। খুলশী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক উপপরিদর্শকসহ (এসআই) তিনজনকে খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।


বিসিবির পক্ষ থেকে পুরো ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে, যাতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন