নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মা ও এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মোন্তার আলীর বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই অগ্নিদগ্ধ হয়ে আতিয়া ও শিশু রওজা ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মোন্তার আলীর স্ত্রী মর্জিনা বেগম (মনেকা) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডে মোন্তার আলী ও তার ছেলে মিন্টুর চারটি ঘর, আসবাবপত্র এবং পাশের একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা ১২টি ছাগলও দগ্ধ হয়ে মারা গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ডিবিসি/টিবিএ