বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে অন্যত্র তেল বিক্রির অভিযোগে ট্যাংকার ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়া উপজেলার জামতলীতে জ্বালানি তেল অনুমতি ছাড়া অন্যত্র বিক্রির অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার জামতলী এলাকায় যমুনা অয়েল কোম্পানির ডিস্ট্রিবিউটর মেসার্স আঁখি ফিলিং স্টেশনে তেল খালাসের পূর্ব মুহূর্তে এই অভিযান পরিচালনা করা হয়।


আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্দেশে সিংড়া উপজেলার চারটি ফিলিং স্টেশনে নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালানো হয়। পরিদর্শনকালে জামতলীর আঁখি ফিলিং স্টেশনে আসা তেলবাহী ট্যাংকারে (ঢাকা মেট্রো-হ ২০-৬১০৯) তেলের পরিমাণে ঘাটতি পাওয়া যায়।


পরবর্তীতে ট্যাংকারের চালককে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। চালক স্বীকার করেন, মেসার্স আঁখি ফিলিং স্টেশনের জন্য বরাদ্দকৃত ডিজেল ও পেট্রোলের একটি অংশ তারা পথিমধ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকার একটি ফিলিং স্টেশনে বিক্রি করে দিয়েছেন। বিনা অনুমতিতে তেল অন্যত্র সরিয়ে ফেলার অপরাধে ট্যাংকারের ম্যানেজার আবু সাঈদকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, জ্বালানি তেলের বিক্রয় ও বণ্টনে যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন