জেলার সংবাদ

নাটোরে কাভার্ড ভ্যান ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, আহত ৮

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যান ও মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ঢাকা থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নাটোরের দিকে আসছিল। পথে অ্যাম্বুলেন্সটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে এর প্রচণ্ড বেগে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তারা খাদে পড়ে যাওয়া অ্যাম্বুলেন্স থেকে চালকসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত চারজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন