নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে রজব আলী (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন থাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ তিনজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত রজব আলী ওই এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হন রজব আলী। পরে সন্ধ্যায় হয়বতপুর বাজার সংলগ্ন নাটোর-ঢাকা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে পুলিশ নিহতের পরিবারকে খবর দিলে তারা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরএসএল