নাটোরের লালপুর উপজেলায় মুরগির খামারে শিয়াল প্রতিরোধে পাতা বৈদ্যুতিক তারে জড়িয়ে শিহাব প্রাং (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব প্রাং ভাটপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত ছফের প্রাংয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে শিহাব প্রাং বাড়ির পাশ দিয়ে চলাচলের সময় অসাবধানতাবশত একটি মুরগির খামারের পাশে টানানো বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খামারের মালিক রায়হান উদ্দীন জানান, সকালে তিনি খামারে এসে দেখতে পান শিয়াল প্রতিরোধে স্থাপন করা বৈদ্যুতিক ওই তারে জড়িয়ে শিহাব প্রাংয়ের নিথর দেহ পড়ে আছে। পরে তিনি দ্রুত স্থানীয়দের বিষয়টি জানান এবং এলাকাবাসী পুলিশে খবর দেন।
এলাকাবাসীর ধারণা, রাতের বা ভোরের কোনো এক সময়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা জানান, শিয়ালের আক্রমণ ঠেকাতে এলাকার অনেকেই খামারের চারপাশে এভাবে বৈদ্যুতিক তার ব্যবহার করে থাকেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ এবং মূলত সচেতনতার অভাবেই এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি পরিদর্শন করে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।’
এদিকে, মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে খামারগুলোতে এভাবে উন্মুক্ত বিদ্যুতায়িত তার ব্যবহারের বিষয়ে প্রশাসনের নজরদারি ও দ্রুত সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিবিসি/এমএনকে