জেলার সংবাদ

নাটোরে গরুবাহী ভটভটির সঙ্গে বাসের সংঘর্ষে ২ ভাইসহ নিহত ৩

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় বাসের সঙ্গে গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন গরু ব্যবসায়ী হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান এবং দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম।

 

জানা গেছে, এদিন সকালে চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার উদ্দেশে একটি ভটভটি রওনা হয়। পথিমধ্যে নয়াবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী মারা যান।

 

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

 

আহত তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় চূড়ান্ত শনাক্তের কাজ চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

 

 

আরও পড়ুন