নাটোরের বড়াইগ্রামে গহনা নিয়ে প্রতারণার অভিযোগে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার মৌখাড়া কদমতলা মহল্লায় সাবেক কাউন্সিলর মহরমের ছেলে বিদ্যুতের বাড়িতে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৌখাড়া কদমতলা এলাকার বাসিন্দা বাদশার স্ত্রী প্রতিবেশী মতিন সরকার ও জুয়েলের স্ত্রী এবং টুটুলের মায়ের কাছ থেকে আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে কিছু স্বর্ণালঙ্কার চেয়ে নেন। ধার নেয়া সেই স্বর্ণালঙ্কার বারবার ফেরত চাইলেও ৩ মাস অতিবাহিত হলেও গহনাগুলো ফেরত দেননি তারা।
সবশেষ বুধবার দুপুরে গহনা ফেরত চাওয়া হলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে সংশ্লিষ্টদের স্থানীয় সাবেক কাউন্সিলর মহরমের ছেলে বিদ্যুতের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গহনা ফেরত দেওয়া নিয়ে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত কয়েকজন বাদশা, তার স্ত্রী, বাদশার বাবা এবং শাশুড়িকে ঘরে আটকে নির্যাতন করে তাদের দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে ধার নেওয়া গহনা ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম বলেন, এ বিষয়ে আমরা জানতাম না ,তবে শুনেছি। যারা বেঁধে রেখেছে ,তারা ছেড়েও দিয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এফএইচআর