নাটোরের বাগাতিপাড়ায় গুচ্ছগ্রামের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আসলাম আলীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২০ দিন পর শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জামনগর এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসলাম আলী জামনগর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে সকালে উপজেলার জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই গৃহবধূ বাড়ির পাশের একটি আমবাগানে রান্নার জন্য খড়ি সংগ্রহ করতে যান।
সেখানে আগে থেকে থাকা আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমার (৪২) তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে অভিযুক্তরা তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে ফিরে ঘটনাটি জানালে স্বজনরা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসা শেষে ঘটনার পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবার আসলাম আলী ও শ্রী ষষ্টি কুমারের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামি আসলাম আলীকে রবিবার (১৪ জুন) আদালতে পাঠানো হয়েছে এবং ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার এখনো পলাতক রয়েছেন, তবে তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিবিসি/টিবিএ