‘স্বপ্ন পূরণের কোনো বয়স নেই’- কথাটি বাস্তবে প্রমাণ করেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাসিন্দা আলী আকবর (আজম)। সংসারের অভাব-অনটনে কৈশোরে থেমে যাওয়া পড়াশোনা পুনরায় শুরু করে ৫৪ বছর বয়সে তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কারিগরি শাখা থেকে জিপিএ ৪ দশমিক ৩৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে আলী আকবর কিশোর বয়সেই সংসারের হাল ধরতে বাধ্য হন। পরবর্তীতে সন্তানদের মানুষ করার তাগিদে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মচারী হিসেবে যোগ দেন। কঠোর পরিশ্রমে সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন তিনি। তার বড় মেয়ে বর্তমানে একজন নার্স এবং ছেলে ইসমাইল হোসেন একজন সরকারি চিকিৎসক।
সন্তানদের প্রতিষ্ঠিত করার পর দীর্ঘদিনের সুপ্ত বাসনা পূরণে রাজশাহীর নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুলের কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন আলী আকবর। নিজের এই অর্জনের বিষয়ে তিনি বলেন, সংসারের হাল ধরতে গিয়ে পড়াশোনা ছাড়তে হলেও মনের ভেতর ইচ্ছাটা সব সময়ই ছিল। মনোবল ও মনোযোগ থাকলে যে যেকোনো বয়সেই সফল হওয়া সম্ভব, সেটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন।
বাবার এমন সাফল্যে গর্বিত ছেলে ইসমাইল হোসেন জানান, নিজেদের সব স্বপ্ন বিসর্জন দিয়ে বাবা তাদের প্রতিষ্ঠিত করেছেন। তার পড়াশোনার তৃষ্ণা মেটাতেই তাকে স্কুলে ভর্তি করানো হয়েছিল। এখন তারা চান বাবা উচ্চমাধ্যমিকেও পড়াশোনা চালিয়ে যান। এলাকাবাসীর মতে, আলী আকবরের এই সাফল্য প্রমাণ করে যে হার না মানা মানসিকতা থাকলে বয়স কেবলই একটি সংখ্যা, যা এখন অনেকের জন্যই বড় অনুপ্রেরণা।
ডিবিসি/আরএসএল