নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন তালপুকুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রেবেকা সুলতানা লেবু (৩৫) চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আহমেদের মেয়ে এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিপন মিয়ার স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন মিয়ার অটোভ্যানে করে নন্দীগ্রামে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কামার বড়িয়ায় আসছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ডের তালপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বগুড়াগামী ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেবেকা নিহত হন এবং তার স্বামী রিপন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রিপন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
ডিবিসি/আরএসএল