নাটোরে তেল দিতে দেরি হওয়ায় একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে ওই স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী আহম্মদপুর এলাকায় অবস্থিত কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের কাছে বিক্রি শুরু হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। এ সময় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলায় তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ব্যাপক ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
স্টেশনের ম্যানেজার ফজের আলী জানান, তেল দিতে সামান্য দেরি হওয়ায় ওই চালক ভাঙচুরের পাশাপাশি তাকে লাঞ্ছিতও করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ থাকবে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
ডিবিসি/আরএসএল