জেলার সংবাদ

নাটোরে দাফনের সময় সুরতহাল করতে গিয়ে মার খেলেন দুই পুলিশ সদস্য

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে নিহত দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে স্বজন ও স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে গুরুদাসপুর থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার এবং কনস্টেবল রাকিব হাসান আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নদীর পানিতে ডুবে ফারহান ও লাম নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। পরে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে নিহত শিশুদের মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা। মৃত্যুর খবর পেয়ে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গুরুদাসপুর থানা পুলিশের একটি দল ওই বাড়িতে যায়।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিবেদন তৈরির উদ্যোগ নিলে নিহতদের স্বজন এবং স্থানীয় কয়েকজন হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। হামলায় এএসআই আবুল বাশার ও কনস্টেবল রাকিব হাসান আহত হলে উপস্থিত অন্যান্য গ্রামবাসীরা তাদের উদ্ধার করে গুরুদাসপুর থানায় পাঠানোর ব্যবস্থা করেন।

 

এ ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এবং সিংড়া-গুরুদাসপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন