নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হবিবর প্রামানিক (৮০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর পাশের গুরুদাসপুর উপজেলার শাহাপুর গ্রাম সংলগ্ন নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
নিহত হবিবর প্রামানিক সিংড়া উপজেলার কলম ইউনিয়নের শান্তনগর গ্রামের বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে সিংড়ার শান্তনগর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নামেন বৃদ্ধ হবিবর প্রামানিক।
একপর্যায়ে তিনি নদীর স্রোতে ডুবে নিখোঁজ হন। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বিকেল পৌনে পাঁচটার দিকে গুরুদাসপুর উপজেলার মসিন্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের আত্রাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করেন। পরে জানা যায়, এটিই সিংড়া থেকে নিখোঁজ হওয়া হবিবর প্রামানিকের মরদেহ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহাপুর গ্রামের আত্রাই নদী থেকে এলাকাবাসী একটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মরদেহের সঠিক পরিচয় শনাক্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ডিবিসি/টিবিএ