নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকার জন্য ছেলের ছুরিকাঘাতে সাজেদা বেগম (৫৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। রাজন নামের এক যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সে তার মায়ের পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে সাজেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, পারিবারিক কলহ ও নেশাজনিত কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ছেলে রাজনকে আটক করেছে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিবিসি/ এইচএপি