বাংলাদেশ, জেলার সংবাদ

নাটোরে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধা মাকে হত্যা

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মাকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে জনাব আলী। আর এই হত্যাকাণ্ডের পর দাদির মরদেহ গুম করতে বাবাকে সহায়তা করেছে নাতি আলামিন। আজ বুধবার (১০ জুন) দুপুরে সিংড়া থানায় এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার জানান, গত ৯ জুন উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে মারিয়া বেগম নামে ওই বৃদ্ধার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ৬ জুন নিহতের মেয়ে মর্জিনা বেগম তার মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে সিংড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

 

পরবর্তীতে মরদেহ উদ্ধারের পর পুলিশ নিহতের ছেলে জনাব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার মাকে হত্যার কথা স্বীকার করেন।

 

স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, পারিবারিক একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে মরদেহটি বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখা হয়। 

 

কিন্তু কয়েকদিন পর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে নিজের ছেলে আলামিনের সহযোগিতায় গত ৪ জুন রাত আনুমানিক ১২টার দিকে তিনি মায়ের মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি ডোবায় ফেলে দেন।

 

পরবর্তীতে এলাকায় ব্যাপকভাবে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে এবং তদন্তে নেমে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।

 

এ ঘটনায় সিংড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন