নাটোর সদর উপজেলার জংলি এলাকার পুকুর থেকে কমল কুমার দাস (৩৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
রবিবার (২৮ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কমল কুমার দাস সদর উপজেলার লেংগুরিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৮টার পর পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নাটোর সদর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কমল কুমার দাস নিখোঁজ ছিলেন। রাতভর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি তারা।
কী কারণে তার মৃত্যু হয়েছে, সেটি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ বা নিহতের পরিবার। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে নাটোর জেলা পুলিশের একাধিক ইউনিট এরই মধ্যে মাঠপর্যায়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ডিবিসি/এমএনকে